উৎসব ঘরে ঘরে

আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্রে ‘আজ সন্ধ্যায়ে’র আসরে প্রেরিত চিঠি।
………………………………………………………
       আজ সন্ধ্যায়
প্রযত্নে কেন্দ্র অধিকর্তা,
আকাশবাণী মুর্শিদাবাদ।
                     
                       উৎসব ঘরে ঘরে

সুখ-দুঃখ নিয়েই জীবন। সুখেও মানুষ কাঁদে, আবার দুঃখেও হাসে। জীবন-নদীর গতিপথে কখনও বহে আনন্দধারা। কান্না-হাসির মাঝে কিছুকাল বুঝি তখনই উৎসব মুখর হয়ে ওঠে।

হয়তো ‘আগমনি’র সুরে সুরভিত হয় আকাশ বাতাস, হয়তো ‘ইদে’র একফালি চাঁদ ওঠে আকাশে, হয়তো বা ‘বড়দিন’ আসে।

দেখেছি, এক বৃদ্ধা ভিখারিনিকে লাঠিতে ভর দিয়ে দুয়ারে দুয়ারে ভিক্ষা চাইতে, ‘মা, মাগো, দয়া কর।’ কেউ ফিরিয়ে দিয়েছে। কেউবা ব্যথিত হৃদয়ে কাছে টেনে নিয়েছে, তুলে দিয়েছে হাতে পরনের নতুন বস্ত্র, কিছু নারকেলের নাড়ু। অনাবিল আনন্দে বৃদ্ধার চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে উঠেছিল। 

দেখেছি, গঙ্গার ভাঙনে গৃহহীনা এক বধুকে। সে দুঃখভরা বুকে পাথর চাপা দিয়ে সুখের স্মৃতি রোমন্থন করছে। এই শুক্লা তিথির রাতে তার উঠোনের শিউলি গাছটা থেকে শিউলিরা ঝরে পড়ত, সুবাস ছড়াতো।

দেখেছি, বৈভাবের শয্যায় শায়িত অশীতিপর গৃহকর্তাকে। পরিচারক, পরিচারিকারাই তাঁর সারা বছরের আপনজন। বাতাসে শিউলির গন্ধ ছড়ালো যখন, ছেলেমেয়েরা দশটা দিনের জন্য বিদেশ থেকে বাড়ি ফিরে এসেছে। শয্যাশায়িত মানুষটা দু’ফোঁটা অশ্রু ঝরিয়ে হাসিমুখে বলে উঠল —‘ আয় খোকা, আয়। আয় খুকু, আয়।’

আজ উৎসবের দিনে সুখের এই স্মৃতিগুলোই ভরা থাক ঘরে ঘরে, হৃদয়ে হৃদয়ে।
                          ধন্যবাদান্তে
                                         হরবিলাস সরকার
                   গোপজান কলোনি সাহেব বাগান,
                                    রাধারঘাট, মুর্শিদাবাদ,
                               দূরভাষঃ ৮৯০০৩৮৩৫৯২.
………………………………………………………….

Leave a Comment