দারিদ্র্য (তৃতীয় পর্ব)

গল্প      
দারিদ্র্য  – হরবিলাস সরকার
তৃতীয় পর্ব  অন্তহীন শোক

গভীর রাতে মনসুরের ছেলের মরদেহ বাড়িতে নিয়ে আসা হল। গোটা পাড়া জুড়ে শোকতপ্ত। দেহটাকে কবরস্থ করবার আয়োজন শুরু হয়েছে। মনসুর ছেলের মুখের দিকে তাকিয়ে নিদারুণ কান্নায় ভেঙে পড়ল। এতক্ষণে মায়ের পাষাণ বুকেও সন্তান হারানোর গভীর বেদনা জাগরিত হয়েছে। অশান্ত মাকে সামলাতে অপারগ হচ্ছে তার ছোট মেয়ে ‘মমতাজ’ আর প্রতিবেশিনীরা।

এমনসময় কমরেড জ্যোতির্ময় সাহা, কমরেড অনিরুদ্ধ সেন, জননেত্রী কমরেড আফসানা খাতুন উপস্থিত হয়েছেন মনসুরের বাড়িতে। আফসানা ছেলেহারা মাকে জড়িয়ে ধরলেন বুকে। কমরেড সাহা মনসুরকে টেনে নিলেন হৃদয়ের অন্তস্তলে। সান্ত্বনা দেবার আজ আর কোনো ভাষা নেই মুখে।

এরপর মরদেহের কবরে লীন হবার পালা। সকলে শেষ বিদায় জানালো শ্রদ্ধায় আর অশ্রুজলে। কিন্তু যে লীন হবার নয়, সে লীন হবে কেমন করে? সে যে অমর হয়ে বিরাজিত হল অন্তরে অন্তরে।

                      * অদম্য লড়াই *

কমরেডগণ এবার বিদায় নিয়ে রওনা হলেন, যাবেন একে একে রামপ্রসাদ, সিরাজুল, মৃত্যুঞ্জয় ও হারাধনের বাড়িতে, সবশেষে স্বদেশের বাড়িতে। আজ নিশ্চয়ই কারও চোখে ঘুম নেই। রাত যতই হোক, হোকনা, কমরেডদেরও অসুবিধে নেই। ঘুম আসবে না তাঁদের চোখে। কাল সকাল হলে তো আবার অসীম সাহসে মাথা উঁচু করে পথে নামতে হবে।

দৃঢ় এই মনোবলে বলীয়ান মানুষগুলো সকলের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছাল। শোক জ্ঞাপন এবং ব্যথার ভাগীদার হবার পর বিনিদ্র রাত শেষ হতে আর বাকি নেই। ভোরের পাখিরা ঘুম ভাঙানো গান গাইতে শুরু করেছে। হেমন্তের এই দ্বিতীয়ার্ধে শীতের পরশ বেশ অনুভূত হচ্ছে। তারপর দিগন্তের হালকা কুয়াশার প্রাচীর ভেদ করে সূর্য উঠল আকাশে। প্রতিবাদী মানুষেরা পথে নেমে পড়েছে। আজ শাসকের ‘দমন-পীড়ন আইন’কে অমান্য করবার মরণপণ লড়াই। শ্রমজীবী মানুষের এছাড়া আর যে কোনো পথ নেই।

খবর আসছে, জেলায় জেলায় বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাপ নামানো হয়েছে। সদরের বড় বাজার পেরিয়ে বাঁদিকের শেষ গলির প্রান্তে রবিউলের ডাক্তারখানার ভেতরে নিরাপদ কক্ষে বসে কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা বলে নিচ্ছেন কমরেড সাহা। সামনে বসে আছেন কমরেড অনিরুদ্ধ সেন, কমরেড আপসানা খাতুন, আরও কয়েকজন। সাহা সতর্ক করছেন, অনিরুদ্ধ, রাজ্য সম্পাদক হোয়াটসঅ্যাপে লিখেছেন, বিশেষ সূত্রে তিনি জানতে পেরেছেন, আমাদের জেলায় পুলিশ প্রচণ্ড মারমুখী হয়ে উঠবে। সকলকে সেইমতো সাবধান থাকতে হবে। এখন কথা হল, পুরো পরিস্থিতির উপর তুমি কড়া নজর রাখবে। যারা অ্যারেস্ট হবে, তাদেরকে মুক্ত করার দায়িত্বে থাকবেন আইনজীবী কমরেড বিধান চ্যাটার্জী এবং কমরেড শরিফুদ্দিন সাহেব। আফসানা, এবার তোমাকে বলছি, বড় পোস্ট অফিসের সামনে চৌরাস্তার মোড়ে তিন দিক থেকে তিনটি মিছিল জোরকদমে এগিয়ে আসবে ঠিক দশটা চৌদ্দ মিনিটে। দ্রুত মিলিত হয়ে একটি মিছিলে পরিণত হবে।  তারপর লক্ষ্য হবে জেলাশাসকের অফিস। তিনটি মিছিলে তিন জন গুরুত্বপূর্ণ কমরেড  নেতৃত্বে থাকবেন, তাঁরা পারফেক্ট সময়ের ব্যাপারে অবশ্যই অবহিত থাকবেন। তুমি ঠিক দশটা দশে চৌরাস্তার মোড়ে হাজির হয়ে যাবে। একজন হ্যাণ্ডমাইক নিয়ে যথাসময়ে তোমার জন্য অপেক্ষা করবে। তুমি তিন-চার মিনিটের সংক্ষিপ্ত কিন্তু বলিষ্ঠ ভাষণে সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে জনসাধারণকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানাবে। সাথেসাথে চোখ-কান খোলা রেখো, ছদ্মবেশী পুলিশের নজর থাকবে শিকারী বাঘের মতো। তোমাকে বক্তৃতা শেষ করতে হবে তিনটি মিছিল একটিতে পরিণত হতে হতেই। সঙ্গে সঙ্গে তুমি ঐ প্রাণবন্ত বৃহৎ মিছিলকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবে। মনে রেখো, সময়টা মেলানো এখানে কঠিন এক পরীক্ষা।

ডাক্তার রবিউল এসে কানে কানে বলে গেল, গোয়েন্দাদের লোকজন জানালা দিয়ে উঁকিঝুঁকি মারছে। এখানে আর এক মুহূর্তও থাকা ঠিক হবে না। কমরেডগণ গা ঢাকা দিয়ে যে যার গন্তব্যের দিকে রওনা হয়ে গেল।

বেলা একটায় অপ্রীতিকর ঘটনার কথা ছড়িয়ে পড়ল চারদিকে। এ জেলায় শতাধিক নেতা ও কর্মী আহত হয়েছে। গ্রেপ্তার হয়েছে শ’দুয়েকের বেশি। তাদের মধ্যে সাধারণ মানুষও আছে। তবে পুলিশ গুলি চালায়নি।

সন্ধ্যায় দলীয় অফিসে উপস্থিত হলেন কমরেড সাহা। বললেন, যারা গ্রেপ্তার হয়েছিল, সবাই ছাড়া পেয়েছে। সম্ভবত আন্দোলনে ব্যাপক মানুষের সমর্থন দেখে সরকার ভীতসন্ত্রস্ত হয়ে কোনরূপ নৃশংসতা ঘটানোর নির্দেশ দেননি। এটা শ্রমজীবী মানুষের বিরাট জয়। তবে আমরা খুশি হব না। আমরা জানি, দুষ্টের ছলের অভাব হয় না। …….।

      * লড়াইয়ের আগুনে জলের ছিটে *

পরদিন মূখ্যমন্ত্রী এলেন মনসুরের বাড়িতে। ছেলের মৃত্যুর ক্ষতিপূরণ বাবদ ১০ লক্ষ টাকার চেক দিতে চাইলেন। মনসুরকে হোমগার্ড পুলিশের চাকরিও দিতে চাইলেন। কিন্তু মনসুর তা নির্দ্বিধায় প্রত্যাখ্যান করল। বলল, মহাশয়, ছেলে আমার, তার বাপকে বাঁচাতে, জীবন আহুতি দিল। সেই বাপ টাকা আর চাকরির বিনিময়ে কী করে পুত্রশোক ভুলে যাবে? আপনি ফিরে যান। দিন আমার খেয়ে না খেয়ে ঠিক চলে যাবে।

সব অনুরোধ ব্যর্থ হল যখন, মূখ্যমন্ত্রী বাড়ি ছাড়লেন। কিন্তু মনসুর যা পারল, অন্যরা তা পারলনা। মুখ্যমন্ত্রী একে একে রামপ্রসাদ, সিরাজুল, মৃত্যুঞ্জয় ও হারাধনের বাড়িতে গেলেন। সকলকে পাঁচ লক্ষ টাকার চেক হাতে তুলে দিলেন। সবার মন খুশিতে ভরে উঠল। পথে-ঘাটে ওরা আবার বলাবলিও করতে লাগল, মনসুর ভুল করেছে, চেকটা নিলেই ভাল করত। দুর্মূল্যের বাজারে চাকরিটা পাওয়া কতটা ভাগ্যের ছিল! লক্ষ্মীকে পায়ে ঠেলা উচিত হয়নি।…….।

                * যে আগুন নেভার নয় *

কথাগুলো মনসুরের কানে গেল। কিন্তু তাতে ফল উল্টো হল। তার পুত্রশোক আরও বহুগুণ বেড়ে গেল। টাকা, চাকরি তার কাছে আজ বড়ই তুচ্ছ। মনে মনে ভাবছে, জীবনের বেশিটা সময় তো ফুরিয়েই গেছে। আর তো কিছুটা কাল মাত্র বাকি। এই সময়কালে অন্তত কিছু ভালো কাজ করে যাই। আমার ‘সরফরাজে’র আত্মা তৃপ্তি পাবে। জ্ঞানী মানুষেরা বলেন, আত্মা বলে কিছু নেই। নাইবা থাকুক, আমার মন তো তৃপ্তি পাবে। সরফরাজের মতো কত ছেলে বলবে, চাচাজান ঠিক করেছে।

সপ্তাহ দুয়েক পর, মনসুর শুনতে পেল — স্বদেশদা হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। পরদিন সূর্যাস্তের আগে মনসুর চলে গেল স্বদেশদার বাড়িতে। বিছানায় শুয়ে আছে স্বদেশ। গুলির ক্ষতটা এখনও পুরোপুরি শুকোয়নি। মনসুরকে দেখেই মহানন্দে উঠে বসে দু’হাত বাড়িয়ে দিল সে। মনসুর চোখ দুটো মুছে নিয়ে বলল, ব্যথার শরীরে তুমি আবার উঠে বসলে কেন, দাদা? স্বদেশও চোখ মুছতে মুছতে বলল, আমার শরীরের ব্যথা তোমার ছেলে হারানোর ব্যথার চেয়েও কি বেশি, মনসুর?

মনসুরের চোখের ধারা এবার প্রবল বেগে বইতে লাগল। স্বদেশ হাত বাড়িয়ে সেই ধারা নিজের রুমালে মুছতে মুছতে বলল, দেশজুড়ে অগণিত মানুষ এমন করেই দিনরাত কাঁদছে। আমরা সবারই চোখের জল মোচাতে চাই। মনসুর বলে উঠল, আমাকেও সঙ্গে নাও না, দাদা! মনসুরের এই আকুতি স্বদেশকে বড়ই উজ্জীবিত করে তুলল।

               * মনুষ্যত্বের পথে উত্তরণ *

আরও দিন পনেরো পর, এক বিকেলে জেলার সদরে বড় পোস্ট অফিসের সামনে চৌরাস্তার মোড়ে এক সভার আয়োজন করা হয়েছে। মনসুর সেখানে পৌঁছে গেল। বক্তৃতা চলছিল। সেই বক্তৃতা শেষ হতেই মনসুর সোজা উঠে এল মঞ্চে, একেবারে মাইক্রোফোনের সামনে। বলতে লাগল তার মনের কথা, বন্ধুগণ, আজ আপনারা শুনুন — সন্তান হারানো এক অধম পিতার কথা। সরফরাজ আমার, চলে গেছে না ফেরার দেশে, নিজের প্রাণের বিনিময়ে রেখে গেছে এই অধম পিতাকে।

অদূরে মনসুরের বক্তৃতা শুনছেন কমরেড জ্যোতির্ময় সাহা আর কমরেড অনিরুদ্ধ সেন। দুজনের মাঝে দাঁড়িয়ে স্বদেশ। কমরেড সাহা মৃদুস্বরে বললেন, স্বদেশ, দারিদ্র্য মানুষের জীবনের পথে মস্ত এক বাধা ঠিকই, মনুষ্যত্বের সন্ধান পেলে তার উত্তরণও ঘটে। স্বদেশের মুখখানা মিষ্টি হাসিতে ভরে ওঠে। সে মন দিয়ে শুনছে মনসুরের বক্তৃতা। মনসুর বলছে —
আমি দেখতে পাচ্ছি, কত সরফরাজ দাঁড়িয়ে আছে আমার চোখের সামনে! ওগো ছেলেরা, তোমরা পারবে না, আমার মতো পিতাদের চোখের জল মুছে দিতে?…… ! ……? ভোট আসে, ভোট যায়।  শাসক আসে শাসক যায়। ওঁরা ক্ষুধার অন্ন ছিটায়, টাকা দিয়ে ভোট কেনে। মানুষের, আমার মতো পিতাদের চোখের জল ফুরায় না। …….?

বক্তৃতা শেষ হয়। কে যেন উদাত্ত কন্ঠে ডেকে ওঠে, মনসুর……। মনসুরের অন্তর্যামী শুনতে পায় সে ডাক। ‘এসো মনসুর। চেয়ে দেখ, কত সরফরাজ তোমার পথচেয়ে বসে আসে! ওরা সকল পিতার চোখের জল মোছাবে।’ মনসুর উপেক্ষা করতে পারে না। তার এগিয়ে চলার কঠোর সংগ্রামের সূচনা হয়। দারিদ্র্য আজ আর তাকে পিছু টানতে পারবে না।

                * সংগ্রামই জীবন *

বছর দু’য়েকের মধ্যে মনসুর ভারতের সমাজতান্ত্রিক দলের জেলা কমিটির সদস্য হয়েছেন। তারপর ক্রমবিকাশের পথে আজ তিনি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য। তাঁর দৃঢ় প্রতিজ্ঞা — শ্রেণিহীন, শোষণহীন সমাজ গড়ার লক্ষ্যে কঠোর মুক্তি সংগ্রামে নিজেকে আজীবন যুক্ত রাখবেন। সেই সংগ্রামে যুক্ত হয়েছে তাঁর স্ত্রী ও মেয়ে। আর চারপাশে আছে হাজারে হাজারে সরফরাজ। প্রতিদিন শ্রমজীবী মানুষও যুক্ত হচ্ছে দলে দলে।

    (সমাপ্ত)
……………………………………………………….
   

Leave a Comment