জাগো বহ্নিশিখা

কবিতা
জাগো বহ্নিশিখা  – হরবিলাস সরকার

 

ভাঙো এই বন্ধ্যা সমাজ, জাগো বহ্নিশিখা, শরৎচন্দ্রের বেদনার নদী আঁকুক নতুন দুঃখ-ব্যথা।
যাঁরা শুধু দিলে, পেলে না কিছুই, সইলে চরম দায়,
তাঁদেরই চোখের জল আজও কেন নীরবে ঝরে, নালিশ জানায়?

স্বাধীনতার দীর্ঘ পথ পেরিয়ে আজও নারী কি শুধুই ভোগ্যপণ্য?
লাঞ্ছিতা দেহে রক্ত ঝরে, কেন বুক তাঁর চিরশুন্য?
নির্যাতন আর হিংসার বিষে সমাজ আজ দুঃসহ বিষময়,
অসহায় নারী খুঁজুক নতুন দিশা, হোক তাঁর যুদ্ধজয়।

সাবিত্রী, রোকেয়ার দীপশিখা জ্বলুক অন্ধকার কোণে কোণে,
প্রীতিলতা, সুনীতি-কল্পনা আসুক সবার অন্তরে অন্তরে।
মাতঙ্গিনী মুক্তির পথ ধরে দৃপ্তকণ্ঠে আবার ডাকুক,
সুভাষ-সূর্য-ক্ষুদিরাম আবার ঘরে ঘরে জন্ম নিক।

আসফাকুল্লা বিনয়-বাদল-দীনেশের দৃঢ় মনোবল,
ভাঙুক অচলা প্রাচীর যত, মুছুক চোখের জল। নিষ্ঠুর তালাকপ্রথা, বৈষম্যের শিকল ছিঁড়ুক আজ,
নতুনের ডাকে, সাম্যের গানে জাগুক নিপীড়িত সমাজ।

শোষণহীন আর শ্রেণিহীন এক ভোর নেমে আসুক সুন্দর ভুবনে,
অনাবিল সুখের ফল্গুধারা বয়ে যাক জীবন-নদীর বাঁকে বাঁকে।
শরতের দরদী কথা হৃদয়ে ঝংকার তুলুক, জোগাক প্রেরণা,
মুক্তি আসুক, শান্তির জোয়ারে ভরুক আমাদের এই বসুন্ধরা।
…………………………………………………………

Leave a Comment